খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ রশীদ আহমদ ফিরদাউসের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, চরমোনাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর তৃতীয় পুত্র এবং খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ রশীদ আহমদ ফিরদাউস রাজধানী ঢাকার নিজ বাসায় শনিবার রাত ১টায় ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবাণীতে তিনি আরও বলেন, মাওলানা সাইয়েদ রশীদ আহমদ ফিরদাউস ছাত্রজীবনে ছাত্র ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি কুমিল্লা জেলার ধামতী আলিয়া মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশবরেণ্য আলেম হিসেবে সর্বমহলে সমাদৃত হন।
মরহুমের জানাজা শনিবার বাদ আসর বরিশালের চরমোনাইয়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে চরমোনাইয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা. শফিকুর রহমান মরহুমের গুনাহখাতা ক্ষমা করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।