চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনতার ঢল

১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর ঢাকা থেকে চট্টগ্রামের পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাপক জনসমাগমে পথসভা করে যাত্রা অব্যাহত রাখে।

শেয়ার
কুমিল্লার চৌদ্দগ্রামে জনসমুদ্রে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান এমপি।
কুমিল্লার চৌদ্দগ্রামে জনসমুদ্রে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান এমপি। | ছবি: দৈনিক সংগ্রাম

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে নেতাকর্মীদের বহর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় কর্মসূচির যাত্রা শুরু হয়। পরে লংমার্চের যাত্রাপথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছু’ম ও মাওলানা আব্দুল হালিম।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় পুরো এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পথসভা শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।