কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সীরাতুন্নবী (সা.) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন হামিদি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান, উপজেলা শুরা সদস্য সাজ্জাদ হোসেন, রোকনুজ্জামানসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিজীবন ও সমাজজীবনে ন্যায়, ইনসাফ, নীতি-আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা প্রয়োজন।
বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী ও আদর্শ বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ ও দ্বীনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।