যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: অর্থমন্ত্রী

যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শেয়ার
শুক্রবার চট্টগ্রামে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শুক্রবার চট্টগ্রামে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান। | ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা সীতাকুণ্ডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এ ধরনের অবকাঠামো নির্মাণের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যাতায়াতব্যবস্থা আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাৎ শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন। স্মারকলিপিতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।