সিলেট ও গাজীপুর মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন

রামিসা হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশ ---অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান এমপি বলেছেন

শেয়ার

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান এমপি বলেছেন, ছোট্ট শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশের বিচারহীনতার সংস্কৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বহিঃপ্রকাশ। শুধু ঢাকার রামিসা নয়, সিলেটের ছোট্ট শিশু ফাহিমা থেকে শুরু করে নারী ও শিশুদের প্রতি একের পর এক নৃশংসতায় দেশের আকাশ বাতাস ক্রমশই ভারী হয়ে উঠছে। আমরা প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে ফেলেছি। আজ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান কোথাও শিশূরা নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতির বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

তিনি বলেন, রামিসার প্রতি নৃশংসতার ব্যাপারে খুনী সাক্ষ্য দিয়েছে। সুতরাং এটি নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা, এই রিপোর্ট ও সেই রিপোর্টের নামে সময় বিলম্বের সুযোগ নেই। দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। রামিসার ঘটনা ঢাকায় ঘটেছে তাই সর্বত্র তোলপাড় হচ্ছে। কিন্তু দেশের আনাচে কানাচে শত শত রামিসা এমন নৃশংসতার শিকার হচ্ছে এর সঠিক হিসাব কারো কাছে নেই। এভাবে কোন সমাজ ও রাষ্ট্র চলতে পারেনা। এর বিরুদ্ধে নারীদেরকে সোচ্চার হতে হবে। দেশব্যাপী খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা আর কোন রামিসা, ফাহিমার এমন করুন পরিনতি দেখতে চাইনা।

তিনি গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট মহানগর মহিলা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শিশু রামিসা ও সিলেটে ফাহিমাকে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক নারী ও ছাত্রীরা অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জাহানারা বেগমের সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য জাকিয়া নুরী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা জামায়াতের সিলেট অঞ্চল পরিচালক শাহিমা খানম হেপি, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক নাসিমা আক্তার বিউটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকোলজি বিভাগের অধ্যাপিকা ডা. রাবেয়া বেগম, শ্রমিক নেত্রী সৈয়দা শিরিন বেগম ও ছোট্ট শিশু সাবরিয়া নুরাইদা।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার এবং সারাদেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগ।

গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

‘চুপ থাকব না, বিচার চাই’, ‘আর একটা রামিসা নয়’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত চাই’-এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোড এলাকা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, সহকারী সেক্রেটারি গাজীপুর মহানগর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহতারিমা মারুফা শহীদ, গাজীপুর মহানগর সহকারি সেক্রেটারি নাজমুন নাহার লাভলী, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদিকা নাসরিন তাসনিয়া, মহানগর কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান গুলশান, মহানগর কর্মপরিষদ সদস্য খাতেমুন আরা মুক্তা এবং টঙ্গী পশ্চিম থানা দায়িত্বশীলা ও মহানগরী শূরার সদস্য ফাহমিদা খাতুন লাকি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আকবর।