৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শেয়ার

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে ৪৫ টাকা বাকি কে কেন্দ্র করে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়েন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়েন্তিপুর এলাকায় এক চায়ের দোকানে দোকানদার শামিম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক হয়। এবং হাতাহাতি পর্যায়ে যায়। পরে বিষয়টি স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মোট ১৩ জন আহত হন।

পরে সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে দিকে আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও কিছু সময় দুই পক্ষের মধ্যে পূনরায় মারামারি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ও বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।আহতরা বর্তমানে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে উভয় পক্ষের লোকজন আসতে শুরু করেন। ৮ টা ৩০ মিনিটের দিকে এক পর্যায়ে দুই পক্ষই হাসপাতালে এসে উত্তেজিত হলে হাসপাতাল কতৃপক্ষ তাদের শান্ত করেন। তিনি আরও জানান, ২ জন হাসপাতালে ভর্তি আছে ও বাকীরা চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।