বাংলাদেশসহ ৩১ দেশের ভিসা সুবিধায় পরিবর্তন আনল মালয়েশিয়া

শেয়ার

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া সরকার।

নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণত তাদের জন্য প্রযোজ্য হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।

যেসব দেশের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করে সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

এক বার্তায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) আর ঢালাওভাবে সব দেশের নাগরিকদের জন্য দেওয়া হবে না।

নতুন ব্যবস্থায় নির্দিষ্ট কিছু ভ্রমণের উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এই নতুন ঘোষণা ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। এর সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সরাসরি কোনো সম্পর্ক নেই।