ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে প্রস্তুত ঐতিহাসিক লালদীঘি

শেয়ার

নুরুল আমিন মিন্টু, চট্টগ্রাম থেকে

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের সমাপনী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান সম্পূর্ণ প্রস্তুত। আজ বিকেল ৫টায় শুরু হবে এ সমাপনী সমাবেশ। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেবেন।

লং মার্চকে ঘিরে ইতোমধ্যে নগরীতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সমাপনী সমাবেশ সফল করতে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মীদের সমাবেশস্থলে অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় নিয়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

DS CTG-2

জানা গেছে, ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের লং মার্চের নেতাকর্মীরা দিনের কর্মসূচি শেষে চট্টগ্রামের সমাবেশস্থলে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, রাত ৮টার দিকে লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা লালদীঘি ময়দানে পৌঁছাবেন। তাদের আগমনকে কেন্দ্র করে সমাবেশস্থলে বড় ধরনের জমায়েত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের মূল লক্ষ্য ও কর্মসূচির ধারাবাহিকতায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে জোটের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তাদের দাবিদাওয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন।

১১ দলীয় জোটের সমাপনী সমাবেশ ঘিরে রাজনৈতিকভাবে সরগরম হয়ে উঠেছে ঐতিহাসিক লালদীঘি এ ময়দান। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও রাত পর্যন্ত লালদীঘি ময়দানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে পারে।

সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের মিছিলসহকারে আসার প্রস্তুতির খবর পাওয়া গেছে। ফলে বিকেল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, লং মার্চের সমাপনী এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটবে। সমাবেশ থেকে ১১ দলীয় জোটের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং অর্থনীতি ও সুশাসনসংক্রান্ত বিভিন্ন দাবিতে আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট। রাজধানীর শাপলা চত্বরে সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। জোটের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ; চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয়করণ বন্ধ।