বৃষ্টি উপেক্ষা করে ফেনীতে লংমার্চের অনানুষ্ঠানিক পথসভা শুরু

শেয়ার

একেএম আবদুর রহীম, ফেনী থেকে

বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ফেনীতে ১১ দলের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথসভার অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটায় আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর কথা থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেলা সাড়ে ১২টা থেকেই অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আয়োজকরা।

এদিকে গত এক ঘণ্টা ধরে ফেনী জুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশের সার্বিক যা পরিস্থিতি, তাতে বৃষ্টি থামার বদলে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে পথসভার সফল আয়োজন নিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দের কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা গেছে।

বৃষ্টির কারণে উপস্থিত শ্রোতা ও সমর্থকদের অনেকেই জোহরের নামাজ আদায় করতে নিকটস্থ মসজিদে গেছেন। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠের পরিবেশ জমজমাট রাখতে কাজ করে যাচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার দেশীয় সাংস্কৃতিক সংসদ মঞ্চে চমৎকার ও মনোজ্ঞ ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত রাখছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে লংমার্চের মূল বহর দুপুর আড়াইটায় চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে। আশা করা হচ্ছে, সাড় সাড়ে ৩টার আগেই লংমার্চের প্রায় ১,২০০ গাড়ির বিশাল বহর ফেনী এসে পৌঁছাবে।

ফেনীতে লংমার্চের বহর পৌঁছানোর পর আনুমানিক এক ঘণ্টার মধ্যে সংক্ষিপ্ত পথসভার যাবতীয় কার্যক্রম শেষ করে বহরটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে বলে আয়োজক সূত্রে নিশ্চিত করা হয়েছে।