জুলাই গণঅভ্যুত্থানের সময়ের উপাচার্যের অনিয়ম খতিয়ে দেখতে ববিতে তদন্ত কমিটি গঠন

শেয়ার

ববি সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার যাবতীয় অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বে ছিলেন।

অধ্যাপক ড. বদরুজ্জামানের দায়িত্ব পালনকালীন সময়ের সব আর্থিক অনিয়ম ও নিয়োগ, পদোন্নয়ন বা পর্যায়োন্নয়নসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধি ও বিশ্ববিদ্যালয়ের আইন, নীতিমালা অনুসরণ করা হয়েছে কি-না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ সদস্য ও সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো: সোয়েব।

অফিস আদেশটিতে বলা হয়েছে;

১. বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন সময়ের সব আর্থিক অনিয়ম, নিয়োগ, পদোন্নয়ন বা পর্যায়োন্নয়ন সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।

২. ওই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত ভৌত কার্যাদি সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।

৩. এই কমিটি তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশ নিশ্চিত করবে।

আদেশে উল্লেখ করা হয়, ভিসি কর্তৃক গঠিত কমিটি হিসেবে কমিটির সদস্যবৃন্দ বৈঠকি ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ৪ মার্চ। জুলাই গণঅভ্যুত্থানের পরে ২০ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।