সৌদিতে নতুন ভিসা প্যাকেজ চালু

শেয়ার

সৌদি আরবে ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন একটি ‘ভিসা প্যাকেজ’ পাইলট প্রকল্প চালু করেছে দেশটি। এই উদ্যোগের আওতায় যোগ্য পর্যটকরা একক একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার পাশাপাশি বিমান টিকিট, হোটেল বুকিং এবং প্রয়োজনীয় অন্যান্য ভ্রমণসেবা একসঙ্গেই পাবেন।

মঙ্গলবার (৭ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রথম ধাপে নির্বাচিত কয়েকটি পরীক্ষামূলক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম এজেন্সির মাধ্যমে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নতুন এই ভিসা প্যাকেজের মাধ্যমে ভ্রমণকারীরা একটি প্ল্যাটফর্ম থেকেই ভিসার আবেদন করতে পারবেন। একইসঙ্গে প্যাকেজে থাকবে যাওয়া-আসার বিমান টিকিট এবং লাইসেন্সপ্রাপ্ত মানসম্মত হোটেলে থাকার নিশ্চয়তা।

এ ছাড়া পর্যটকেরা নিজেদের পছন্দ অনুযায়ী সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, উৎসব কিংবা বিনোদনমূলক আয়োজনেও আগাম অংশগ্রহণের পরিকল্পনা ভ্রমণসূচিতে যুক্ত করতে পারবেন। ফলে আলাদাভাবে ভিসা, ফ্লাইট বা হোটেল বুকিংয়ের ঝামেলা অনেকটাই কমে আসবে।

তবে এই অল-ইন-ওয়ান সেবা দিতে পারবে শুধু সেইসব অনুমোদিত ট্রাভেল এজেন্সি, যাদের উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে পর্যটন খাতের পরিধি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই বিশেষ প্যাকেজ ভিসাটি তৈরি করেছে। এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো বেশ কিছু সহজ নিয়ম চালু করেছিল। এসব যুগান্তকারী পদক্ষেপের কারণে দেশটিতে পর্যটকদের সংখ্যা বহুগুণ বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২৫ সালেই সৌদি আরব ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে।

এই বিষয়ে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, সৌদি আরবের পর্যটনের মূল ভিত্তি হলো উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা এবং ধারাবাহিক অগ্রগতি। এই প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পর্যটনকে আরও স্মার্ট ও সহজ করতে পরবর্তী বড় পদক্ষেপটি নিয়েছি। এটি আমাদের পর্যটন অংশীদারদের যেমন শক্তিশালী করবে, তেমনি দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতাকে করবে একদম নির্বিঘ্ন।

সৌদি পর্যটন মন্ত্রণালয় আশা করছে, এই সহজ ব্যবস্থার কারণে বিদেশি পর্যটকেরা দেশটিতে আগের চেয়ে বেশি দিন অবস্থান করবেন। এর ফলে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ হবে, তেমনি সৌদি আরবের পর্যটন খাতে বিদেশি মুদ্রার ব্যয় বা রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে। মূলত সহজ প্রবেশাধিকার এবং বেসরকারি খাতের সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই নতুন প্রকল্প সাজিয়েছে সৌদি আরব।