বাংলাদেশি ভক্তদের যে বার্তা দিলেন ব্রাজিল রাষ্ট্রদূত

শেয়ার

আরলিং হলান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সাথে আরও একবার চূর্ণ হলো সেলেসাওদের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন।

রোববার দিবাগত রাতের এই চরম পরাজয়ের পর বাংলাদেশে থাকা কোটি ব্রাজিল সমর্থককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বার্তায় রাষ্ট্রদূত বলেন, ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরবতা যেন কথার চেয়েও জোরালোভাবে কিছু বলে। শেষ বাঁশি বাজার পর, বিশ্বজুড়ে কোটি ব্রাজিলিয়ানের হৃদয় একই রকম হতাশার ভার অনুভব করেছে। আমি জানি, সেই হৃদয়গুলোর অনেকেই এখানে, বাংলাদেশে ছিল।

ম্যাচে নরওয়ের হয়ে আরলিং হলান্ড দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমার জুনিয়র একটি গোল করে ব্যবধান কমালেও তা কেবল সান্ত্বনাই দিয়েছে।

কঠিন এই সময়ে ব্রাজিলের জার্সি পরা, পতাকা ওড়ানো এবং অকৃত্রিম আবেগ নিয়ে দলের পাশে থাকার জন্য বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

তিনি উল্লেখ করেন, দলটির প্রতি বাংলাদেশিদের এই নিঃশর্ত ভালোবাসা ব্রাজিলের মানুষকে গভীরভাবে নাড়া দেয়। ফুটবল যে ভাষা ও সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষকে এক সুতোয় বাঁধতে পারে, এই সম্পর্ক তারই প্রমাণ।

পরাজয়ের কষ্ট মেনে নিয়েই রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধান কোচ কার্লো আনচেলোত্তি এবং ফুটবল সমন্বয়কারী রদ্রিগো কাইতানো এই বিদায়কে শেষ নয়, বরং নতুন এক যাত্রার শুরু হিসেবে দেখছেন।

বার্তাটির শেষাংশে তিনি বলেন, হলুদ জার্সি আবার ঝলমল করবে। সুর ফিরে আসবে। আনন্দ ফিরে আসবে। আর যখন ব্রাজিল আবার জেগে উঠবে, আমরা তাদের স্মরণ করব, যারা সবচেয়ে কঠিন রাতে আমাদের পাশে দাঁড়িয়েছিল।