পিরোজপুর সংবাদদাতাঃ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার পাশাপাশি একটি পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। যে বাবা-মা আমাদের জন্য এত কষ্ট করছেন, তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। কোনো বাবা-মাকে যেন জীবনের শেষ সময়ে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। সবসময় পিতামাতা ও শিক্ষকের দোয়া নিতে হবে। নৈতিক শিক্ষা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে তোমরা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি এসব কথা বলেন।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা সভাপতি ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী শিক্ষার্থীদের পরিকল্পিত পড়াশোনার মাধ্যমে দুনিয়ার সাফল্য অর্জনের পাশাপাশি পরকালীন সাফল্য অর্জনের জন্য চেষ্টা করার আহ্বান জানান। তিনি মা বাবার প্রতি যত্নশীল হওয়া, উচ্চশিক্ষা অর্জন করে যাতে কেউ বাবা-মাকে জীবনের শেষ সময়ে বৃদ্ধাশ্রমে না পাঠায় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চলমান সময়ের কয়েকটি অত্যন্ত হৃদয়বিদারক দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফসোসের সুরে বলেন, সন্তান যদি উচ্চশিক্ষিত, অর্থবিত্ত সম্পন্ন হয়েও মা-বাবাকে ঘরের মধ্যে পঁচে মরতে হয় তাহলে এ ধরনের সন্তান দিয়ে কি লাভ?

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান আলোচক হিসেবে সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাজীবনে ভালো ফলাফল গুরুত্বপূর্ণ হলেও শুধু সার্টিফিকেট অর্জন করলেই একজন মানুষ পূর্ণাঙ্গভাবে সফল হয় না। মেধার সঙ্গে নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
জেলা সেক্রেটারি মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোর দিশা শিল্পীগোষ্ঠী শিল্পীরা ইসলামী, জাগরণী ও আঞ্চলিক গানের চমৎকার পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে। এ সময় জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।