বিরোধীদলীয় উপনেতার কক্ষে উইপোকা, দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন

দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশের পর কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার ঘটনায় প্রশাসন সংশ্লিষ্ট কর্মীদের নোটিশ দিয়ে রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় কঠোর পদক্ষেপ নিয়েছে।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

কুমিল্লা সার্কিট হাউসে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির বরাদ্দকৃত কক্ষে কম্বলের মধ্যে উইপোকা পাওয়ার ঘটনায় দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশের পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীদের লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সার্কিট হাউসের সার্বিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি পর্যালোচনায় একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক মিস রোজি আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, সার্কিট হাউসের সব কক্ষ, স্টোররুম ও আসবাবপত্র সরেজমিনে নিবিড়ভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে লিখিত প্রতিবেদন দিতে গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্কিট হাউসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে লিখিত প্রত্যয়ন গ্রহণ এবং অতিথিদের অভিযোগ জানানোর জন্য অভিযোগ রেজিস্টার রাখার ব্যবস্থাও করা হয়েছে।

অতিথিদের কোনো সমস্যা হলে তা দ্রুত জেলা প্রশাসনের নজরে আনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে একটি অ্যাপ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা সার্কিট হাউসে অবস্থানকালে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বরাদ্দকৃত কক্ষে থাকা কম্বলের মধ্যে উইপোকা পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর তিনি কক্ষ পরিবর্তনের অনুরোধ জানান। তবে অপেক্ষা করেও তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ত্যাগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার্কিট হাউসের অন্যান্য কক্ষ, স্টোররুম ও আসবাবপত্রের অবস্থাও যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগের ফলে ভবিষ্যতে সার্কিট হাউসে অতিথিদের আবাসন ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে আরও নজরদারি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থান: কুমিল্লা