ফোনে কথা বলতে বলতে এক হাতে ট্রাক চালাচ্ছিলেন চালক, চাপায় বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে এক হাতে ট্রাক চালানোর সময় চাপায় ৬৫ বছর বয়সী শ্রমিক মনির হোসেন নিহত হয়েছেন; চালক আটক।

শেয়ার
সড়কের পাশে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে নিহতের লাশ
সড়কের পাশে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে নিহতের লাশ | ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ট্রাকচালক মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি এক হাতে গাড়ি চালাচ্ছিলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ ঘাতক ট্রাকটিও জব্দ করে।

নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের মৃত জরু মিয়ার ছেলে। তিনি রূপসী ঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। শুক্রবারও কাজের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক ইয়াকুব হোসেন একটি এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট এলাকা থেকে কর্ণগোপ-বারোবিঘা এলাকার একটি গোডাউনের দিকে যাচ্ছিলেন। রূপসী ঘাট এলাকায় পৌঁছালে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন এবং এক হাতে ট্রাক চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় মনির হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করলে চলন্ত ট্রাকটি তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে চালক ইয়াকুব হোসেনকে আটক করেন। পরে তাকে ও দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, দুর্ঘটনার ঘটনায় চালক ইয়াকুব হোসেনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থান: রূপগঞ্জ