ঢাবিতে আজ দেখানো হবে না আর্জেন্টিনার খেলা

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে আজ রাত ১০টার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি ঢাবি এলাকার পাঁচটি ভেন্যুর দর্শকরা দেখতে পারছেন না।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

তবে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, আগামীকাল বুধবার (৮ জুলাই) আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই এসব ভেন্যুতে পূর্বের নিয়মে প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল।

অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

কিন্তু নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা যায় না। তাই সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে। দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর বলেন, বন্ধুদের সঙ্গে বড়পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিয়েছিলাম। তবে আবহাওয়ার কারণে সিদ্ধান্তটি যৌক্তিক। নিরাপদ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বড়পর্দায় খেলা দেখার আলাদা একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। আজ বন্ধ হওয়ায় কিছুটা খারাপ লাগছে, তবে আশা করছি আগামীকাল আবার সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে পারব।

আয়োজকরা সবাইকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক হলে পরদিন বুধবার থেকে আগের সূচি অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তারা।