১৮ দেশের ১৪৫ সদস্যের এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন, গবেষণা ও উদ্ভাবনে প্রশংসা

১৮টি দেশের ১৪৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের এনডিসি প্রতিনিধি দল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি, গবেষণা কার্যক্রম এবং খাদ্য নিরাপত্তায় অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৮টি দেশের ১৪৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। বুধবার (১ জুলাই) গাজীপুরে অবস্থিত ব্রি ক্যাম্পাসে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে বাংলাদেশসহ চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়ার উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শন উপলক্ষে ব্রি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত, আধুনিক প্রযুক্তি এবং সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বিস্তারিত সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

উপস্থাপনা শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তাদের প্রাণবন্ত মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন এবং প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্রির পক্ষ থেকে এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। এ সময় ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, উর্ধ্বতন বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন গবেষণাগার (প্ল্যান্ট ব্রিডিং ল্যাব) এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ব্রির গবেষণা কার্যক্রম, আধুনিক প্রযুক্তি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে অবহিত হন এবং ব্রির অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

স্থান: গাজীপুর