‘আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি’—লংমার্চে থাকার বার্তা হামিদুর রহমান আযাদের

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েই আগামীকালের লংমার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শেয়ার
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ | ছবি: সংগৃহীত

ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার এক বার্তায় তিনি দেশবাসীকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত কয়েকদিন ধরে তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং দেশবাসীর দোয়ায় তিনি আজ হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, লংমার্চের কর্মসূচি নিয়ে শুক্রবার সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। ব্রিফিং চলাকালে হঠাৎ কিছুটা শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে সেখান থেকে বিরত হতে হয়।

এ ঘটনায় অনেকে তাকে গুরুতর অসুস্থ মনে করছেন উল্লেখ করে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ওই সময় তিনি সাময়িকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। তবে আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

যারা ভালোবাসার কারণে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং নিচ্ছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, “ইনশাআল্লাহ, আগামীকাল লংমার্চে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।”

তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ গড়া, জনগণের অধিকার ও ন্যায়ের আন্দোলনে দেশবাসীর সঙ্গে থেকে দায়িত্ব পালন করার তাওফিক দেন।

সবশেষে তিনি আল্লাহর কাছে দেশবাসীর নিরাপত্তা ও হেফাজত কামনা করেন।