শুধু আশ্বাস নয়, এবার কাজ চাই

তিস্তা মহাপরিকল্পনা শুরু না হলে ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও সংশোধিত বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে রংপুরসহ তিস্তা অববাহিকার বিভিন্ন এলাকায় ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দাবি পূরণ না হলে ঢাকা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শনিবার (২০ জুন) রংপুর মহানগরীসহ তিস্তা অববাহিকার বিভিন্ন এলাকায় ব্যাপক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রংপুর মহানগরীতে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত ১০টি পয়েন্টে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, নদীভাঙন, পানিসংকট, কৃষি ও জীবিকা সংকটের বিষয়গুলো তুলে ধরে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানানো হয়।

রংপুরের কাচারীবাজার পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব আব্দুল করিম সরকার বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগের কথা সবাই জানে। বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন আর আশ্বাস নয়, প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু দেখতে চায় মানুষ। সরকারের সংশোধিত বাজেটেই এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষের জীবন-জীবিকা, কৃষি, নদীভাঙন প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা সরাসরি সম্পৃক্ত। এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিকে আর উপেক্ষা করার সুযোগ নেই।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আরিফুর রহমান আরিফ। বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আযম খান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল রংপুর ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপি নেতা আল মামুন, ডা. মো. হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট তারেকুজ্জামান তারেক, অ্যাডভোকেট উমর ফারুক, আব্দুল মান্নান তালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই সময়ে রংপুর মহানগরীর প্রেসক্লাব পয়েন্টে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ। এছাড়াও শিক্ষাবিদ আবু বক্কর সিদ্দিক, আজহার আলী শাহ, আমিনুর রহমান, হাফিজ উদ্দিন, ফরহাদ হোসেন মণ্ডল, ইঞ্জিনিয়ার মামুন মিয়া, শাহনৎ মিয়া এবং ড. আজিজুল ইসলাম বক্তব্য রাখেন।

এদিকে তিস্তা অববাহিকার অন্যান্য এলাকায়ও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়ার বুড়িরহাট থেকে মহিপুর তিস্তা সড়ক সেতু পর্যন্ত মানববন্ধনে বক্তব্য দেন রায়হান সিরাজী এমপি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারী চর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও আনোয়ারুল ইসলাম এমপি। নীলফামারীর জলঢাকার কাকড়া এলাকা থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আব্দুস সাত্তার এমপি, আল ফারুক আব্দুল লতিফ এমপি, ওবায়দুল্লাহ সালাফি ও আব্দুল মুনতাকিম এমপি। অপরদিকে তিস্তা বাসস্ট্যান্ড থেকে তিস্তা সেতু পর্যন্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রব্বানী এমপি ও মাওলানা নুরুল আমিন এমপি।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা অববাহিকা ঘুরে বিভিন্ন সময়ে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে তিস্তা পাড়ের মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চলমান বাজেটের সংশোধিত বরাদ্দে তিস্তা মহাপরিকল্পনার জন্য অর্থ বরাদ্দ করে দ্রুত কাজ শুরু না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে রংপুর বিভাগ থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ এবং ঢাকা ঘেরাও কর্মসূচিও পালন করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি মনে করে, উত্তরাঞ্চলের টেকসই উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

স্থান: রংপুর