প্রচলিত নিরাপত্তা নয় ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের শক্তি --- তথ্যমন্ত্রী

ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার মূলভিত্তি।

শেয়ার
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে প্রান্তিক কণ্ঠস্বর স্টুডিও-এর উদ্বোধন করেন।  এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন	-পিআইডি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে প্রান্তিক কণ্ঠস্বর স্টুডিও-এর উদ্বোধন করেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন -পিআইডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা শুধু সীমান্ত সুরক্ষা বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার মূলভিত্তি।

গতকাল বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি গণমাধ্যম প্ল্যাটফর্ম নয়, এটি সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ সময়োপযোগী ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন, যা অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও দৃষ্টান্ত হতে পারে।

তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল জনবলকে শুধু প্রচলিত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল যোগাযোগের সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তাদের আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক সময়ে কোনো প্রতিষ্ঠানের জন্য শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়। তথ্যভান্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়েছে, নিরাপত্তার ধারণা এখন নতুন মাত্রা পেয়েছে।

তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে পরিবর্তন গ্রহণ করতে হবে। এনালগ চিন্তা থেকে ডিজিটাল চিন্তায় রূপান্তর এবং দক্ষ ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির জগৎ সবসময় পরিবর্তনশীল। আজকের আধুনিক প্রযুক্তি আগামী দিনে পুরোনো হয়ে যেতে পারে। তাই ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কেও নিয়মিত প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক যোগাযোগ ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমানে গুজব ও অপতথ্যের বিস্তার বড় একটি চ্যালেঞ্জ। সঠিক, যাচাইকৃত ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।