গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার-১

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শেয়ার
প্রতারণার অভিযোগে গ্রেফতার আল আমিন (৩২)। ছবি: সংগৃহীত
প্রতারণার অভিযোগে গ্রেফতার আল আমিন (৩২)। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

জিএমপির অপরাধ (উত্তর) বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার (০৪ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে বাসন থানার এসআই (নিরস্ত্র) ইদ্রিস আলী, কনস্টেবল তুষার রায় ও কনস্টেবল সুমন আহম্মেদ অভিযোগকারী মৌ আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসন থানাধীন বারবৈকা এলাকার বগুড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশ থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে বাসন থানায় এফআইআর নং-০৮, তারিখ ০৪ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ১৭০ ও ১৭১ ধারায় মামলা রুজু করা হয়েছে। এসব ধারায় সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় ব্যবহার এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত আল আমিন গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকার টেক কাথোরা (মৈশান) গ্রামের মৃত আলালের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা এলাকার দিঘিরচালা উত্তরপাড়া, সোনার বাংলা গেট সংলগ্ন হামিদা খাতুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কেউ যদি ভুয়া পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশের কাছে অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়েছে।