টঙ্গী পশ্চিম থানার সাঁড়াশি অভিযানে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে একটি অস্ত্র মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র জব্দ করে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

একই অভিযানে মাদকবিরোধী অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে আরও নয়জন মাদকসেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও অস্ত্রবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত ১৬ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থান: গাজীপুর