রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করেছে একদল অজ্ঞাত অস্ত্রধারী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শেয়ার
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনাস্থল
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনাস্থল | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাহাড়তলী বাজার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত খালেদ চৌধুরীর ছেলে ও বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে মাকসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে মাকসুদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল করে। একইভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে এবং ড্রাম ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে গুলিবিদ্ধ হয়ে মাসুদ চৌধুরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ বা স্থানীয় কোনো দ্বন্দ্ব থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।