গাইবান্ধায় বিএনপির হামলায় শিবিরের ইউনিয়ন সভাপতি নিহত, আহত ১

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির নেতাকর্মীদের হামলায় শিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শেয়ার
বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ’র লাশ
বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ’র লাশ | ছবি: দৈনিক সংগ্রাম

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে পিটিয়ে হত্যা করলো বিএনপি নেতাকর্মীরা। এসময় গুরুতর আহত হয়েছেন সালাউদ্দিন নামের আরও এক শিবির কর্মী।

স্কুল কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে রোববার (২১ জুন) বিকেল ৪.২০টায় এ ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘আজ (২১ জুন) বিকাল আনুমানিক ৪.২০ মিনিটে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় স্কুল কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির লোকজন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। সেসময় সেখানে উপস্থিত প্রধান শিক্ষকের ছোট ভাই ছাত্রশিবিরের কর্মী সাইফুল্লাহকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি আরও লিখেন, ‘স্বার্থের নেশায় বিএনপি মানুষকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। বিএনপির এই খুনীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে।’