টঙ্গীতে ১ কেজি হেরোইন ও আড়াই হাজার ইয়াবাসহ কুত্তা মিজান গ্রেফতার

টঙ্গীর দক্ষিণ আরিচপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ ইয়াবাসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’কে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মিজান ওরফে ‘কুত্তা মিজান’কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ আরিচপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলামের একটি দল অভিযান চালিয়ে মিজানকে আটক করে।

এ সময় তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মিজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অভিযানটি উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ এসএম শফিকুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত হয়। মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

স্থান: গাজীপুর