খোকসায় পুলিশের পৃথক অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন ওয়ারেন্টে ৫ জন গ্রেপ্তার

খোকসায় পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

কুষ্টিয়ার খোকসায় পৃথক অভিযানে চুরি মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টা ৩০ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোকসা থানার মামলা নং-০৬/৬২, তারিখ ১৩ আগস্ট ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের চুরি মামলায় কালীবাড়ি বাঁধপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. জিসান শেখ (১৮), মাস্টারপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. জুয়েল রানা (২৭) এবং শোমসপুর এলাকার মো. মোতাহার শেখের ছেলে মো. শফিকুল শেখ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাত ২টা ৩৫ মিনিটে উপজেলার ওসমানপুর ইউনিয়নে ওয়ারেন্ট তামিল অভিযানে এক বছর মেয়াদে সিআর সাজাপ্রাপ্ত ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওসমানপুর গ্রামের সৈয়দ বাবুল হোসেনের ছেলে সৈয়দ মো. কামরুজ্জামান এবং একই গ্রামের মৃত এতেম শেখের ছেলে মো. এনামুল শেখ (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. জাকির হোসেন জানান, “আমরা নিয়মিত প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছি। মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে খোকসা থানা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থান: খোকসা