খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার দক্ষিণ লবণচরার কাজীপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাথর ব্যবসায়ী গাজী রফিক (৪৫) নিহত হয়েছেন। মহানগরে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান চলাকালীন নিজ বাড়ির কাছে সংঘটিত এই সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় নগরবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শেয়ার
নিহত গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক
নিহত গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক | ছবি: সংগৃহীত

খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে তার নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

পেশায় ব্যবসায়ী রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন। তবে রফিক অধিকাংশ সময় ঢাকায় থাকতেন বলে এলাকাবাসী জানায়।

নিহত রফিকুল ইসলামের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।

রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে বের হয়ে গেছে। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বসে ছিলেন। তখন কারা এসে তাকে গুলি করে, যা তার তলপেটে লাগে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার স্বামী বিএনপির রাজনীতি করতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার পর লবণচরা থানার প্রত্যন্ত এলাকার একটি বাজারে রফিকুল ইসলাম বসে ছিলেন। একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা এক দুর্বৃত্ত তাঁর তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

রেজাউর রহমান আরও বলেন, ‘তাঁর রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তিনি পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।’

খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান। এর মধ্যেই প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থান: খুলনা