আরিফুল হত্যা মামলায় বহিস্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার আসামী বহিষ্কৃত ছাত্রদল নেতা ও মার্ডার ফিরোজ গ্যাংয়ের সক্রিয় সদস্য গোপাল ব্যানার্জীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর।

শেয়ার

রংপুর অফিস : রংপুরের বদরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার আসামী বহিষ্কৃত ছাত্রদল নেতা ও মার্ডার ফিরোজ গ্যাংয়ের সক্রিয় সদস্য গোপাল ব্যানার্জীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর। গ্রেফতারকৃত গোপাল ব্যানার্জিকে ছাত্রদল থেকে বহিষ্কারের একদিন পরেই গ্রেফতার করা হলো।

গত ১২ মে মঙ্গলবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে নওগাঁর সদর থানার নিশ্চিন্ত বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় গোপাল ব্যানার্জী কে। সে বদরগঞ্জের বালুয়াভাটা গ্রামের নন্দ ব্যানার্জীর ছেলে এবং বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব। গত সোমবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানাগেছে, কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে গত ৫ মার্চ বিকেলে নিহত আরিফুল ইসলাম রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ পৌরসভার আম্বিয়ার মোড়ে পৌঁছালে তাকে থামিয়ে গালাগালি শুরু করে। এক পর্যায়ে মমিনুল গ্রুপের সদস্য মনে করে নিরীহ আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ‘মার্ডার ফিরোজ গ্যাং’ এর সদস্যরা। পরে নিহত আরিফুলের বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামী ছাত্রদলের সাবেক নেতা গোপাল ব্যানার্জী। তার নামে আরও তিনটি হত্যা মামলা রয়েছে। গোপাল ব্যানার্জী ‘মার্ডার ফিরোজ গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী গোপাল ব্যানার্জীকে (২৫) গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।