ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মাছভর্তি পিকআপ ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক মো. মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। আহতরা হলেন, জোসনার স্বামী মো. কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মো. কাউসারের বাড়ি জেলার কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল বিশ্বরোডে যাচ্ছিলেন কাউসার। বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।