সিরাজদীখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাড়ির উঠানে খেলার সময় ভিমরুলের কামড়ে রাফসান নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শেয়ার
ভিমরুলের কামড়ে নিহত ৪ বছরের শিশু রাফসান
ভিমরুলের কামড়ে নিহত ৪ বছরের শিশু রাফসান | ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার আরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ বাড়ির উঠানে খেলাধুলার সময় রাফসান একটি পাতাযুক্ত গাছের ডাল টান দিলে সেখানে আগে থেকে থাকা কয়েকটি ভিমরুল একযোগে তাকে আক্রমণ করে। ভিমরুলের একাধিক কামড়ে তার চোখ-মুখ লাল হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী রমজান আলী বলেন, "একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায় কেউ মেনে নিতে পারছেন না। স্বজনদের বুকফাটা কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।"

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভিমরুলের কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।"