কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নকাজে অবহেলা, দুর্ঘটনায় শিবির নেতা নিহত

কুমিল্লায় ইপিজেড রোডে সিটি কর্পোরেশনের চলমান সড়ক উন্নয়নকাজে নিরাপত্তা ঘাটতির মধ্যে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল্লাহ বিন জহির নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন, যার ফলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার
নিহত ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ বিন জহির (২১)
নিহত ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ বিন জহির (২১) | ছবি: দৈনিক সংগ্রাম

কুমিল্লা নগরীর ইপিজেড রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে কুমিল্লা সিটি কর্পোরেশনের চলমান সড়ক উন্নয়নকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগের মধ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

নিহত আব্দুল্লাহ বিন জহির (২১) আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জহির মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান সড়ক নির্মাণকাজের কারণে ইপিজেড রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নির্মাণস্থলে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর আগে একই এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইপিজেড রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আব্দুল্লাহ বিন জহিরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল্লাহর পরিবারের ওপর এর আগেও শোক নেমে এসেছিল। কয়েক বছর আগে তার ছোট ভাই, একজন হাফেজ, নিখোঁজ হওয়ার পর মারা যান। এবার আরেক সন্তানকে হারিয়ে পরিবারটি গভীর শোকে মুহ্যমান।

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইপিজেড রোডের সামনে একটি মার্কেট থাকায় সড়ক নির্মাণকাজ কিছুটা ধীরগতিতে চলছে। তবে খুব শিগগিরই কাজ শেষ করা হবে।

স্থান: কুমিল্লা