বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায়

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে কিছু সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের আনুষ্ঠানিক অধ্যায় নয়, বরং বৃহত্তর কৌশলগত পরিবর্তনের সূচক হিসেবে বিবেচিত হয়।

শেয়ার

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে কিছু সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের আনুষ্ঠানিক অধ্যায় নয়, বরং বৃহত্তর কৌশলগত পরিবর্তনের সূচক হিসেবে বিবেচিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং এর মাধ্যমে সম্পাদিত বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক ও ৩৩ দফার যৌথ বিবৃতি তেমনই একটি ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র মালয়েশিয়াকে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরের গন্তব্য হিসেবে নির্বাচন এবং তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত নতুন সমীকরণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি করেছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে শ্রমবাজার, বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ এবং মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে দু’দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে এসেছে। তবে সাম্প্রতিক সফরের বিশেষত্ব হলো, এ সম্পর্ককে প্রচলিত শ্রমশক্তি ও রেমিট্যান্সনির্ভর কাঠামোর বাইরে এনে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার চেষ্টা। বর্তমান বিশ্বব্যবস্থায় অর্থনৈতিক স্বার্থ, প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগ ক্রমেই রাষ্ট্রীয় শক্তির প্রধান উপাদান হয়ে উঠছে। সে বাস্তবতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতা নতুন গুরুত্ব বহন করছে। এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়ায় যেভাবে বরণ করে নেয়া হয়েছে তাও বিশেষ গুরুত্ব বহন করে।

বিশ্ব অর্থনীতির কেন্দ্র ধীরে ধীরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে সরে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে আসিয়ান জোট বৈশ্বিক উৎপাদন, বাণিজ্য ও প্রযুক্তিগত উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করা সময়োপযোগী ও বাস্তবসম্মত কৌশল। মালয়েশিয়ার মাধ্যমে আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টা দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এ সফরের তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অগ্রগতি, বিনিয়োগ সহযোগিতা, হালাল শিল্পের সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। মালয়েশিয়া সেমিকন্ডাক্টর শিল্প, ইলেকট্রনিক্স উৎপাদন, ইসলামী অর্থব্যবস্থা এবং হালাল অর্থনীতিতে বিশ্বব্যাপী একটি সফল মডেল। এসব ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নেও দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার সময়ে এলএনজি সরবরাহ, গভীর সমুদ্রের তেল-গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশলকে শক্তিশালী করতে পারে। অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এখন জাতীয় নিরাপত্তারই একটি অংশ। সে দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়ার সঙ্গে অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্বও বহন করে।

একই সঙ্গে শ্রমবাজার ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়াগমন নানা সিন্ডিকেট, অতিরিক্ত ব্যয় এবং দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। যদি দু’দেশের সরকার সত্যিই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ডিজিটাল ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় আনতে সক্ষম হয়, তবে এর সুফল সবচেয়ে বেশি পাবে সাধারণ কর্মজীবী মানুষ। মানবপাচার প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন এবং বৈধ অভিবাসন ব্যবস্থার সম্প্রসারণ দু’দেশের জন্যই লাভজনক হবে।

তবে কেবল চুক্তি স্বাক্ষরই যথেষ্ট নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবায়ন। অতীতে বহু দ্বিপাক্ষিক ঘোষণা ও সমঝোতা প্রত্যাশিত ফল দিতে পারেনি বাস্তবায়ন ঘাটতির কারণে। তাই এবারের সফরে ঘোষিত উদ্যোগগুলোর অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কূটনৈতিক সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন তা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং জনগণের জীবনমান উন্নয়নে দৃশ্যমান অবদান রাখবে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় দেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। পরিবর্তনশীল বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় এ সম্পর্ক কেবল দুই দেশের মধ্যকার সহযোগিতাকে শক্তিশালী করবে না, বরং বৃহত্তর এশীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সংযোগেও নতুন মাত্রা যোগ করবে। এখন প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, কার্যকর বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে এ নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া।