এক অর্থবছরে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো দেশে

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে।

শেয়ার

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। ১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক রেকর্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে সদ্য সমাপ্ত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার। মাসের শেষ দিন ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

তবে মাসভিত্তিক হিসাবে জুনে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে। ২০২৫ সালের জুন মাসে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।