খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু : নূরুল ইসলাম বুলবুল এমপি

চাঁদাবাজির প্রতিবাদী মিছিলে হামলার পর পুলিশের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে সরকারকে জিরো-টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার
গুলিস্তানে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীদের শারীরিক খোঁজ-খবর নিতে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান নূরুল ইসলাম বুলবুল এমপি
গুলিস্তানে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীদের শারীরিক খোঁজ-খবর নিতে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান নূরুল ইসলাম বুলবুল এমপি | ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, "খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু; তাদের দলীয় কোনো পরিচয় থাকতে পারে না"। তিনি বলেন, যারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের আশ্রয়-প্রশয় দেয় এরা তাদেরও শত্রু।

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীদের শারীরিক খোঁজ-খবর নিতে শনিবার (০৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

বিকেল ৫টায় ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীদের রক্তাক্ত জখম করার পর এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নূরুল ইসলাম বুলবুল এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, "চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনার পর পুলিশের নিরব ভূমিকা সন্দেহজনক"।

তিনি বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হয় পুলিশ জনগণের জন্য নয় সন্ত্রাস-চাঁদাবাজদের জন্য কাজ করছে। ব্যবসায়ীদের ওপর হামলার সঙ্গে কোন কোন চাঁদাবাজ জড়িত, কোন দলের কে জড়িত পুলিশ সবই জানে উল্লেখ করে তিনি বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতার না করলে ব্যবসায়ী সমাজ পুলিশের বিরুদ্ধে রাজপথে নামতে পারে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছে। খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে যেকোনো সময় ছাত্র-জনতা রাজপথে নেমে যেতে পারে। তাই সরকারের উচিত, নিজের স্বার্থে সন্ত্রাস-চাঁদাবাজ দমনে জিরো-টলারেন্স নীতি অবলম্বন করা। জিরো-টলারেন্স নীতিতে সন্ত্রাস-চাঁদাবাজ দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

প্রেস ব্রিফিংকালে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, রমনা থানা আমীর আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।