খোকসায় জামায়াতের সংবাদ সম্মেলন

শালীন রাজনৈতিক পরিবেশ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান

শেয়ার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা শাখা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় খোকসা উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কার্যক্রম, ভোটের মাঠ এবং মতপ্রকাশের বিভিন্ন পরিসরে শালীনতা ও ভদ্রতার সীমা লঙ্ঘিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে সমালোচনা জরুরি হলেও তা হতে হবে যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও শালীন ভাষায়। সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, অপমান কিংবা চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতা স্বাভাবিক হলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়—এই দায়িত্ব সব রাজনৈতিক পক্ষের। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও তিনি একজন মানুষ ও নাগরিক—এই বিষয়টি স্মরণে রাখতে হবে। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, বরং সংযম, প্রজ্ঞা ও নৈতিক দৃঢ়তার মাধ্যমে দেওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতিকে মানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে দেখে। ক্ষমতা নয়, নীতিই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। এ কারণে খোকসা উপজেলায় একটি শালীন, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে তিনি সকল রাজনৈতিক দল, প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। ভোটকেন্দ্র দখল, জাল ভোট, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উত্তেজনামূলক বক্তব্য, উসকানিমূলক আচরণ ও সংঘাতমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে। নির্বাচন হবে জনগণের রায়ের মাধ্যমে—শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়।

সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন খোকসা উপজেলার গণতান্ত্রিক ইতিহাসে একটি ইতিবাচক ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

পরিশেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের আহ্বান জানান, যাতে সমাজে উত্তেজনার পরিবর্তে সচেতনতা ও স্থিতিশীলতা সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আইনুদ্দীন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম সাগর, সেক্রেটারি আজাদ আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ সাইদুল ইসলাম সাঈদ, ছাত্রশিবির কুষ্টিয়া জেলা অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, খোকসা উপজেলা উত্তর শাখার সভাপতি রুহুল আমিন এবং দক্ষিণ শাখার সভাপতি আবু বক্কার সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থান: খোকসা