ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি দেশের অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; তা নির্ভর করে সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর। তিনি বলেন, সুস্থ জাতি গঠনে মানসম্মত চিকিৎসা শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম। তিনি গত আট দশক ধরে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিক্যাল কলেজের অবদানকে তিনি ‘জাতীয় গর্বের বিষয়’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢামেকের শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি উল্লেখ করেন, এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি অসংখ্য দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরি করেছে, যারা দেশে ও বিদেশে পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির এই যুগে ঢাকা মেডিক্যাল কলেজ ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য নেতৃত্ব তৈরি করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

দেশের কল্যাণে এবং নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও জাতীয় ক্রান্তিলগ্নে সাধারণ রোগীদের পাশে দাঁড়াতে তিনি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও, আগামী ১১ জুলাই (শনিবার) ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে অংশ নিতে যাচ্ছেন। সেখানে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রী ও প্রধানমন্ত্রীপত্নী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।