সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন এবং সেখানে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণসহ স্মারক বইয়ে স্বাক্ষর করেছেন। এর আগে তিনি বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে সদর উপজেলার পিএমখালীর পাতলিখাল খনন কর্মসূচি পরিদর্শন করেন এবং পরে সড়কপথে সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সাফারি পার্কে পৌঁছান।

শেয়ার
সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

শাহজালাল শাহেদ, চকরিয়া: সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৩ জুন) বিকাল তিনটায় সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী পার্ক পরিদর্শন কার্যক্রম শুরু করেন। তিনি পার্কের অভ্যন্তরে একাধিক গুরুত্বপূর্ণ স্পট ঘুরে ফিরে দেখেন।

পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে সদর উপজেলার পিএমখালীর পাতলিখাল খনন কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশের আসনে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া গাড়িতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।

এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান।