শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ শ্রমিক অসুস্থ

হাসপাতাল ছাড়লেন ৭০, উন্নত চিকিৎসায় ৭ জন

গাজীপুরের শ্রীপুরে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার ৭৭ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ৭০ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

শেয়ার
হাসপাতালে ভর্তি একজন অসুস্থ শ্রমিক
হাসপাতালে ভর্তি একজন অসুস্থ শ্রমিক | ছবি: দৈনিক সংগ্রাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানার ৭৭ জন শ্রমিক মঙ্গলবার (৭ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে ৭০ জনকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার বিবেচনায় অপর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আক্রান্ত শ্রমিকরা গণ-আতঙ্কজনিত মানসিক প্রতিক্রিয়া বা সমষ্টিগত মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে আরও পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম আল হেরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত জুন মাসে একই কারখানায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। ওই ঘটনার পর শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানাটি টানা দুই দিন বন্ধ ছিল। সর্বশেষ এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থান: গাজীপুর