ফেনীতে নিষিদ্ধ যুবলীগ নেতা ‘বন্দুক নিজাম’ গ্রেপ্তার

ফেনীতে নাশকতার অভিযোগে নিষিদ্ধ যুবলীগ নেতা ‘বন্দুক নিজাম’কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার
ছবি: সংগৃহীত

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি নিজাম উদ্দিন ওরফে ‘বন্দুক নিজাম’। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বালিগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নিজাম উদ্দিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং তিনি ফেনী শহরের মহিপাল ও ফতেহপুর এলাকায় চোরাগোপ্তা মিছিলের নেতৃত্ব দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে নিজাম উদ্দিন নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন বালিগাঁও ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবুর নাহার বকুলের স্বামী। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে স্থানীয়দের ওপর চাপ সৃষ্টি করতেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরও তিনি বিভিন্ন সময় চাপের মধ্যে রাখতেন বলে অভিযোগ তাদের।

ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকতারুজ্জামান মিলন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নিজাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থান: ফেনী