খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত

রবিবার কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় কর্মকর্তা ও জামায়াত নেতাদের উপস্থিতিতে হাসপাতালের সেবার মানোন্নয়ন, সমস্যা সমাধান ও রোগীদের খোঁজখবর নেওয়ার লক্ষ্যে একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার
সভা শেষে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিচ্ছেন  কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন
সভা শেষে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিচ্ছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন | ছবি: দৈনিক সংগ্রাম

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ, খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের জন্য আরও উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করা হয়। এ সময় রোগীদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের গুণগত মান ও পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন মতামত ও পরামর্শ শোনা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়।

স্থান: কুষ্টিয়া