জবির শিক্ষক-কর্মকর্তাদের ১৬ বছরের দুর্নীতির তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সব ধরনের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার তদন্তে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. সাইফুল্লাহ বিশ্বাসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন (মঙ্গলবার) থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থান: ঢাকা