ইসলামের প্রচারে এনটিভির অবদান অনন্য, ডেঙ্গু প্রতিরোধে গঠিত হয়েছে বিশেষ টাস্কফোর্স: গাজীপুর সিটি প্রশাসক

ইসলামের প্রচার ও সামাজিক মূল্যবোধ গঠনে এনটিভির অনবদ্য ভূমিকার প্রশংসা করার পাশাপাশি গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

ইসলামি মূল্যবোধ, মানবিকতা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দেশের বেসরকারি টেলিভিশনগুলোর মধ্যে এনটিভি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

তিনি বলেন, সংবাদ ও বিনোদনের পাশাপাশি ইসলামের সুমহান আদর্শ, কোরআন-সুন্নাহভিত্তিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এনটিভির ধারাবাহিক উদ্যোগ দেশের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে এনটিভি গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শনিবার (৪ জুলাই) গাজীপুর মহানগরের নীলেরপাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক ইমাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মুফতি জুলফিকার হায়দার, প্রভাষক আব্দুল লতিফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু, মোঃ রেজাউল বারী বাবুল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মোল্লাসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মোঃ শওকত হোসেন সরকার আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ গঠন, নৈতিকতা বিকাশ এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার শক্তিশালী হাতিয়ার। এনটিভি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এর আগে একই দিনে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। চান্দনা চৌরাস্তায় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা মহানগরের ৫৭টি ওয়ার্ডে নিয়মিত পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করবেন। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত মশক নিধন ওষুধ সরবরাহ, নিয়মিত স্প্রে কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।

প্রশাসক আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করা হচ্ছে। সংগৃহীত বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি নিরাপদ, সুস্থ ও পরিচ্ছন্ন গাজীপুর গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থান: গাজীপুর