চট্টগ্রামে র‌্যাবের জোরদার অভিযান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭।

শেয়ার

নুরুল আমিন মিন্টু, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭। এসব অভিযানে লোহাগাড়ায় এক কুখ্যাত সন্ত্রাসীকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত চেকপোস্ট ও নির্বাচনী টহলের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালীতে বিদেশী রিভলভারসহ অস্ত্র উদ্ধার : গত ৯ ফেব্রুয়ারি ভোরে নির্বাচনী টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল বাঁশখালী উপজেলার সরল এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ ও চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাউজানে পরিত্যক্ত পাইপগান উদ্ধার : রাউজান উপজেলার রাগওয়ান ইউনিয়নের পাচকিন গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি ভোরে অভিযান চালায় র‌্যাব। একটি বসতবাড়ির পাশে ঝোপে ফেলে রাখা শপিং ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের কদমপুর এলাকায় আরেকটি অভিযানে পুকুরপাড়ের ঝোপ থেকে একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড শিসার কার্তুজ এবং দুটি খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়ায় কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার : গত ৪ ফেব্রুয়ারি রাতে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় নিজ বাড়ি থেকে কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুল (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক, দুটি ১২ বোর শটগানের লিডবল কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি ও জব্দ করা অস্ত্র লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।