গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচাবাড়ি গ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে শিল্পপ্রতিষ্ঠান কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেড।
রোববার (৩১ আগস্ট) দুপুরে কাজী আব্দুল আওয়াল একাডেমি ও সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন নিজ হাতে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রক্রিয়া দেখান এবং তাদের পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব বোঝান। ছোট ছোট শিক্ষার্থীরা আগ্রহভরে অংশগ্রহণ করে গাছ রোপণের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করে এবং নিজেরাও গাছ লাগাতে এগিয়ে আসে।
পরিবেশবান্ধব উদ্যোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাঈদ চৌধুরী-সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এমদাদুল হক-সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা কলেজ,শফিকুল ইসলাম ভূঁইয়া- সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব, মুনসুরুল ইসলাম মাসুম- সংবাদকর্মী,আমানউল্লাহ কবিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি বিনষ্টের এই সময়ে গাছ লাগানো শুধু প্রয়োজন নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য কলম্বিয়া ওয়াশিং প্লান্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও এ পথ অনুসরণের আহ্বান জানান।
শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যত প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যা, পরিবেশবান্ধব জীবনধারা ও জলবায়ু বিষয়ে শিক্ষার প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।